নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে নিজের পেটে ছুরিকাঘাত করেছেন মোস্তাকিম (৩০) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
সোমবার (২৭ জুলাই ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্যাস লাইন এলাকায় বন্ধু ম্যাচের পেছনে ঘটনাটি ঘটে। আহত মোস্তাকিম কদমতলী গ্যাস লাইন এলাকার বাসিন্দা। তিনি দেলোয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নিজের পেটে ছুরিকাঘাত করেন। ঘটনাটি দেখে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলিফ হাসপাতাল এবং পরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান , এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।


































