নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে একটি মার্স ফিড কোম্পানির হয়ে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, তাদের অনুমতি ছাড়াই স্থানীয় যুবদল নেতা নুরে এ ইয়াসিন নোবেল কোম্পানীর পক্ষ নিয়ে জমিতে ও বাড়ীঘরে বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বৈদ্দ্যেরবাজার নদীর ঘাট এলাকায় অবস্থিত মাছের খাবার তৈরী করার প্রতিষ্ঠান মার্স ফিড কোম্পানি সম্প্রতি তাদের কারখানার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়। কোম্পানীটি ওই ইউনিয়নের রামগঞ্জ এলাকার কয়েকজন কৃষকের জমিতে কোনো ধরনের লিখিত অনুমতি বা সমঝোতা ছাড়াই কোম্পানীর পক্ষ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াছিন নোবেল জোরপূর্বকভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করে দখল করে নেয়। এ বিষয়ে ওই ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো ফল পাননি বলে জানান তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক রামগঞ্জ গ্রামের হেলাল উদ্দীন জানান, আমাদের পরিবারের ১৬ শতাংশ জমি মার্স ফিড কোম্পানীর পক্ষ নিয়ে যুবদল নেতা নুরে এ ইয়াছিন নোবেল জোরপূর্বক বালু ভরাট করেছে। তাদের পরিবারের সঙ্গে কোনো সমঝোতা করা হয়নি। বাধা দিলে উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হামলা মামলার ভয় দেখানো হয়।
রামগঞ্জ গ্রামের ভুক্তভোগী মানু বেগম জানান, জোরপূর্বক বালু ভরাট করে আমাদের বাড়ীঘর দখল করে নিয়েছে। আমরা খুবই কষ্টে দিন যাপন করছি। আমরা এর সমাধান চাই
স্থানীয় বাসিন্দা বলেন, বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কৃষকদের জমি রক্ষা করা যায়।
এ ব্ষিয়ে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াছিন নোবেল বলেন, কোম্পানী তাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করছে।যারা অভিযোগে করছেন তাদের জমি নদী গর্ভে আগেই বিলীন হয়ে গেছে। কোনো কৃষকের জমি জোরপূর্বক ভরাটের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
মার্স ফিড লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, আমরা ৩০ বিঘা জমি কিনেছি। মাত্র ৩ বিঘা জমিতে বালু ভরাট করেছি। গ্রামবাসীরাই তাদের জমি দখল করে ভোগ করছে বলে দাবি করেন তিনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, কৃষকের জমি জোরপূর্বক বালু ভরাটের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

































