নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ জুন রাত ৯টা ২০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফতুল্লা থানার উত্তর চাষাড়া চাঁনমারী এলাকার ১২৬/৭ নম্বর বাসার ছাদে বিশেষভাবে তৈরি টিনশেড কক্ষ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বিজয় (২১), আকাশ হোসেন ফারহান (২১), হানিফ (২১), মধু (২৫) ও আল-আমিন (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ দশমিক ১ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































