নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ জুন ২০২৬

সোনারগাঁয়ে শব্দ দূষণ বিরোধী  অভিযানে ২ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৫, ২৯ জুন ২০২৬

সোনারগাঁয়ে শব্দ দূষণ বিরোধী  অভিযানে ২ যানবাহনকে জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী দুটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান।

অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী দুটি যানবাহনের বিরুদ্ধে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত দুটি উচ্চশব্দের হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।