নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৩, ২২ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি মো. জুবায়েদ (২৮)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, দুইজন চুরি মামলার আসামি, একজন বৈষম্যবিরোধী মামলার আসামি এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন। অভিযানের সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার অন্যরা হলেন— মোতালেব, মামুন গাজী, ইসলাম, রাশেদ খান, আসুরা বেগম, ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন এবং আল আমিন।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।