২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে নারায়ণগঞ্জ জেলায় ৫২.৮৩ শতাংশ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সদর উপজেলা, আর সর্বনিম্ন ৩০.০৪ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে সোনারগাঁও। জেলা জুড়ে এবার মোট পাসের হার ৪৫.৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মোট ১৮৫ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে মোট ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। উপজেলায় পাসের হার ৫২.৮৩ শতাংশ এবং সর্বোচ্চ ১৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এ উপজেলা থেকে।
অন্যদিকে, পাসের হারে সবশেষে থাকা সোনারগাঁও উপজেলায় ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৫২ জন। এই উপজেলায় পাসের হার ৩০.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আড়াইহাজার উপজেলায় ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩.৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
রূপগঞ্জ উপজেলায় ২ হাজার ৫১৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১.৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী।
বন্দর উপজেলায় ২ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৮১ জন। পাসের হার ৩২.৫০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
উল্লেখ্য, চলতি বছর নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২২ হাজার ২৩৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৮২ জন।


































