নারায়ণগঞ্জ কলেজে ‘নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক আইসিটি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ৩১টি কম্পিউটারসমৃদ্ধ ল্যাবটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে আইসিটি ল্যাবটির উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং কলেজের ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীই মেধাসম্পন্ন। শিক্ষার্থীদের আন্দোলনের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এসেছি। তাই শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, শিক্ষকদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। কলেজের এই আইসিটি ল্যাবকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের চাহিদা তৈরি করতে হবে।’
কলেজে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে তিনি বলেন, আগামী দুই বছরে কলেজের ফলাফল বিশ্লেষণ করে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন বলেন, আইসিটি ল্যাবকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে। একই সঙ্গে কলেজে অনার্স কোর্স চালু এবং পাঁচটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বারোপ করেন।
কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা বলেন, ৩১টি কম্পিউটারসমৃদ্ধ আইসিটি ল্যাবটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য, নজরুল সাহিত্যভিত্তিক অভিনয় এবং ‘তারুণ্য ও নজরুল’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সেইসাথে কলেজের ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। টুর্নামেন্টে হিসাববিজ্ঞান বিভাগের ‘এ’ ও ‘বি’ দল, মার্কেটিং বিভাগ, ডিগ্রি বিভাগ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ১০টি দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য আমিনুর রহমান মিঠু, রহিমা শরীফ মায়া, ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


































