নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় জনভোগান্তি চরমে উঠেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিমের নেতৃত্বে পিএম রোডের ওপর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রেজার পাইপ বসিয়ে বালুর ব্যবসা পরিচালনা করা হচ্ছে। নিজ দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই সেলিম ক্ষমতার প্রভাব খাটিয়ে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, পিএম রোডের মতো গুরুত্বপূর্ণ একটি জনবহুল রাস্তার ওপর মোটা ড্রেজার পাইপটি বেশ উঁচু করে স্থাপন করা হয়েছে। এর ফলে হালকা ও ভারী—সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পাইপটি অতিরিক্ত উঁচু হওয়ার কারণে প্রতিদিন অসংখ্য যানবাহন সেখানে দুর্ঘটনার শিকার হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন:
"ক্ষমতার দাপটে যারা রাস্তার মাঝখানে পাহাড়ের মতো উঁচু করে পাইপ বসিয়েছে, তাদের ন্যূনতম হিতাহিত জ্ঞান নেই। যতটুকু জানি, জনচলাচলের রাস্তায় ড্রেজার পাইপ স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেলিম কোন অদৃশ্য শক্তির বলে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তা আমাদের বোধগম্য নয়।"
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে জনসেবার জন্য, একজনের স্বার্থে হাজার হাজার মানুষের কষ্টের জন্য নয়। দ্রুত এসব 'ড্রেজার দস্যুদের' বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই বিষয়ে পদক্ষেপের বিষয়ে জানতে বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে এই অবৈধ পাইপলাইন অপসারণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

































