নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ মার্চ ২০২৬

“নারায়ণগঞ্জের জন্য ‘পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান’ একটি মাইলফলক”

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৭, ১৫ মার্চ ২০২৬

“নারায়ণগঞ্জের জন্য ‘পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান’ একটি মাইলফলক”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে “National Workshop on Learning and Experience Sharing” শীর্ষক একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৫ মার্চ)  ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিকের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী  আজগর হোসেন, কে এম ফরিদুল মিরাজ, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এবং নাসিকের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। 
কর্মশালায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (NGO) প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। ওয়ার্ডভিত্তিক জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত এক বছরে প্রণীত “People’s Adaptation Plan” নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ মাস্টারপ্ল্যান ও উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা কর্মশালায় ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জের জন্য ‘পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান’ একটি মাইলফলক। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা সরাসরি শোনার মাধ্যমে আমরা এমন একটি শহর গড়ে তুলছি যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক।”
প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রান্তিক মানুষের ওপর। এই কর্মশালা প্রমাণ করে যে, যখন মানুষ নিজেরাই তাদের অভিযোজন পরিকল্পনা তৈরি করে, তখন প্রকৃতি-ভিত্তিক সমাধানগুলো আরও টেকসই এবং কার্যকর হয়।”
পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ হাসীব মোহাম্মদ ইরফানুল্লাহ বলেন,
“পিপলস অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরির প্রক্রিয়াটি প্রথাগত ওপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার বদলে একটি নিচ থেকে উপরে ওঠার প্রক্রিয়া। বৈজ্ঞানিক জলবায়ু ঝুঁকি মূল্যায়নের সাথে স্থানীয় মানুষের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে আমরা এমন একটি পথনকশা তৈরি করেছি, যা সিটি কর্পোরেশনকে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ নিশ্চিত করতে সহায়তা করবে।”


কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শেখা এবং জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নগর উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।