নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ মার্চ ২০২৬

বর্তমান সরকার আমাদের সকলের সরকার: ভিপি নুর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৮, ১১ মার্চ ২০২৬

বর্তমান সরকার আমাদের সকলের সরকার: ভিপি নুর

নারায়ণগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আমরা জিয়াউর রহমানকে পেয়েছি এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহায় উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল-নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগীতা করি তারেক রহমানের নেতৃত্বে বেশি দিন প্রয়োজন হবে না আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা ট্র্যাকে তুলতে পারবো। এ সরকার কারো প্রতিপক্ষ নয় -এ সরকার আমাদের সকলের সরকার। 

তিনি বুধবার (১১ মার্চ) গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নূর বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির যদি অবনতি হয় তবে আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ বা তাদের কল্যানের জন্য মন্ত্রনালয় ব্যবস্থা নিবে।

বুধবার (১১ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজপথের লড়াই-সংগ্রাম আমাদের মোটামুটি শেষ হয়েছে, এখন আমাদের মেধা, তর্ক ও যুক্তির লড়াই। মেধা ও যুক্তি দিয়ে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলবো। গত দেড় দশক বা দুই যুগে অন্যান্য জায়গায় পরিকল্পিতভাবে শহর গড়ে উঠলেও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরকে নিয়ে খুব বেশি বা বড় পরিকল্পনা হয়েছে বলে আমার মনে হয় না। 

 

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীকে যেকোনো পদ্ধতিতে নাব্যতা ফিরিয়ে আনা, নদীর দূষণ রোধ করতে হবে। একদিকে শিল্প কারখানা যেমন অর্থনীতির প্রাণ, কর্মসংস্থানের বড় একটি জায়গা, একইসাথে আমাদের মনে রাখতে হবে বুড়িগঙ্গা তো আগেই শেষ হয়ে গিয়েছে, শীতলক্ষ্যাও সেই দ্বারপ্রান্তে। এখন আমাদের পানি আনতে হয় মেঘনা থেকে। মেঘনার পানিও দূষিত হয়ে গেলে শহরাঞ্চলের মানুষে তীব্র পানি সংকটে পড়বে মন্তব্য করে তিনি বলেন, “শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার পরে মেঘনার পানিতেও যদি দূষণের মাত্রা অতিরিক্ত চলে আসে তাহলে পানি আনতে হবে বঙ্গোপসাগর থেকে। ঢাকা, নারায়ণগঞ্জের মতো শহর তখন ভয়াবহ পানি সংকটে পড়বে। সুতরাং পরিকল্পিত শহর গড়ার দিকে আমাদের যেতে হবে। শীতলক্ষ্যা দূষণ ও দখলমুক্ত কীভাবে করা যায় তা সংসদ সদস্যরা দেখবেন।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ যেহেতু চট্টগ্রামসহ কয়েকটি জেলাকে সংযুক্ত করেছে, তাই এখানের যানজট সুপরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে। তাছাড়া, শহরের ফুটপাতসহ সরকারি জায়গা, খাল সবকিছু দখল হয়ে যায়। এইগুলো যাতে দখল না হয় সেগুলো জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক কর্মীরা খেয়াল রাখবেন”, যোগ করেন তিনি।

 

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ মহানগরের সভাপতি আরিফ ভূঁইয়া, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য নিরব রায়হান প্রমুখ।