নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে নারায়ণগঞ্জে র‍্যাবের বিশেষ  নিরাপত্তা প্রস্তুতি, জোরদার গোয়েন্দা নজরদারি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ১৩ আগস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে নারায়ণগঞ্জে র‍্যাবের বিশেষ  নিরাপত্তা প্রস্তুতি, জোরদার গোয়েন্দা নজরদারি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র‍্যাব। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশের নিরাপত্তা প্রস্তুতির কথা জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর দায়িত্বপূর্ণ এলাকাতেও পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান এবং সংশ্লিষ্ট এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র‍্যাবের সার্বিক নিরাপত্তা পরিকল্পনায় জানানো হয়েছে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ লক্ষ্যে এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সাইবার নজরদারিও জোরদার

১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা না যায়, সে জন্য সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিশেষ পরিস্থিতিতে র‍্যাবের সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

সতর্ক থাকার আহ্বান

র‍্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচির স্থান এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশের মাধ্যমে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চলসমৃদ্ধ এলাকায় বড় ধরনের জনসমাগম, গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবহন রুট এবং রাজনৈতিক কর্মসূচির স্থানগুলোতে বাড়তি সতর্কতা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

র‍্যাব সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।