নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

র‌্যাব

র‌্যাব

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ  অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা নারায়ণগঞ্জে হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের একটি টিম অংশ নেয়। অভিযান চলাকালে হাসপাতালজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালালচক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, চক্রটি রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল এগিয়ে দেওয়া, বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোসহ নানা উপায়ে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আঃ মান্নানসহ ৪ জনকে আটক করা হয়।

০৫:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, জবাই ৯, উদ্ধার ১১

রূপগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, জবাই ৯, উদ্ধার ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে গভীর রাতে গোপনে ঘোড়া জবাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত চক্রটি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকায় একটি নির্জন খালি প্লটে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র গোপনে ঘোড়া জবাই করে আসছিল। শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে একই কৌশলে প্রায় ২০টি ঘোড়া সেখানে আনা হয়। পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে একে একে ঘোড়াগুলো জবাই করা হচ্ছিল। এ সময় শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে প্লটের মালিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান। এমন দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র‍্যাব-১ এর একটি দল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জবাইকারী চক্রটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে র‍্যাব-১ সদস্যরা সেখান থেকে ১১টি জীবিত ঘোড়া উদ্ধার ও জব্দ করে। এর আগে অন্তত ৯টি ঘোড়া জবাই করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্বাচলের বিস্তীর্ণ নির্জন এলাকা ও পর্যাপ্ত নজরদারির অভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এই চক্রটি এমন কর্মকাণ্ড চালিয়ে আসছে। জবাইকৃত ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে পূর্বাচল, খিলখেত, বসুন্ধরা, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয় বলেও অভিযোগ রয়েছে । এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও চক্রটির মূল হোতারা প্রতিবারই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মাঝে মধ্যে কয়েকজনকে আটক করা হলেও এখনো মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। শুধু পূর্বাচলেই নয়, গাজীপুর ও নরসিংদীসহ আশপাশের এলাকাতেও চক্রটির কার্যক্রম বিস্তৃত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে দ্রুত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

০২:২১ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দে দুইদিনব্যাপী মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর প্রায় ২টা ৫৯ মিনিটে শেষ হয়। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি উপলক্ষে আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো পুণ্যার্থী অংশ নেন। স্নানোৎসব উপলক্ষে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই দলবদ্ধভাবে পুণ্যস্নানে অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপমোচন হয় এবং পুণ্য লাভ করা যায়। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্নান ঘাটগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি নদীতে নৌ-পুলিশ ও ডুবুরি দল প্রস্তুত ছিল যেকোনো দুর্ঘটনা মোকাবেলায়। পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাট সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার ও নারীদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়। এদিকে স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দ এলাকায় বসে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। দুইদিনব্যাপী এই মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও প্রশাসন।

০৮:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার