নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬

আমরা একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ বিএনপি চাই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৬

আমরা একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ বিএনপি চাই: সাখাওয়াত

নারায়ণগঞ্জে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলটির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, "আমরা একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ বিএনপি চাই এবং পুরো নারায়ণগঞ্জে দলের সুবাতাস ছড়িয়ে দিতে চাই। এই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে এক হতে হবে। ঐক্যবদ্ধ এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সম্মানীত সংসদ সদস্যও আমাদের পাশে থাকবেন বলে আমরা আশাবাদী।"

নেতাকর্মীদের সতর্ক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের সম্মান ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি বলেন, "চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা মাদক সেবনের মতো অপকর্মের সঙ্গে জড়িতদের দলে কোনো ঠাঁই নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলকে ঐক্যবদ্ধ করার কঠোর নির্দেশনা দিয়েছেন। পারস্পরিক কটূক্তি বন্ধ করে নিজেদের দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। বিএনপির দরজা সবার জন্য উন্মুক্ত এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই উপযুক্ত মূল্যায়ন পাবেন।"

​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব এম এ মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা পারভেজ মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবীর ও হাজী মো. নুরুউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: