নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

নাসিকের ৮নং ওয়ার্ডে রাতেও পানির খোঁজে ছুটছেন বাসিন্দারা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৯, ৬ অক্টোবর ২০২৬

নাসিকের ৮নং ওয়ার্ডে রাতেও পানির খোঁজে ছুটছেন বাসিন্দারা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় গত ১০ দিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন প্রায় ২০ হাজার বাসিন্দা। পাম্পটি বিকল হওয়ার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে গাড়ির মাধ্যমে বিকল্পভাবে পানি সরবরাহ করা হলেও বিপুলসংখ্যক মানুষের চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পানি সংকটের কারণে দিনের পাশাপাশি রাতেও বিকল্প পানির উৎসের সন্ধানে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। এলাকার যেসব বাড়িতে সামারসিবল পাম্প রয়েছে, সেসব বাড়ির সামনে রাতেও দীর্ঘ লাইন ধরে পানি সংগ্রহ করতে দেখা গেছে স্থানীয়দের। ৮ নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি মহল্লাতেই দেখা যাচ্ছে একই চিত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, পানির পাম্প বিকল হওয়ার পর থেকেই স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে সিটি করপোরেশনের গাড়িতে করে পানি দেওয়া হলেও তা দিয়ে এত বড় জনগোষ্ঠীর দৈনন্দিন চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে খাবার পানি থেকে শুরু করে রান্না, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

 

পানি সংগ্রহের জন্য অনেককে এক মহল্লা থেকে অন্য মহল্লায় ছুটতে হচ্ছে। বিশেষ করে রাতের দিকে পানির জন্য মানুষের ভিড় আরও বেড়ে যায়। সামারসিবল পাম্প থাকা বাড়িগুলোতে স্থানীয়দের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে দেখা যায়।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ১০ দিন ধরে পানি সংকট চললেও এখনো স্থায়ী সমাধান হয়নি। দ্রুত বিকল পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।