নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জ এবং বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার পোষাক কারখানার শ্রমিকরা অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবে কর্মস্থলে যায়। গত সপ্তাহের শ্রমিক বিক্ষোভের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ানো হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারী। মোতায়েন করা হয় সাত প্লাটুন বিজিবি, চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। এছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১ এর সদস্যরাও সার্বক্ষণিক কাজ করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে। নারায়ণগঞ্জের কোথাও আন্দোলন পরবর্তী সময়ে পোষাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের যে এলাকাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিয়ন্ত্রণে রাখতে আমরা সব বাহিনী একসাথে বসে সমন্বয় করে আমরা কিছু চিহ্নিত করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বৃদ্ধি করেছি। ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে ১৬৮০ টি পোশাক কারখানায় নারী পুরুষ মিলিয়ে ৬ লাখের মতো শ্রমিক কাজ করে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের মালিক এবং শ্রমিকদের আন্তরিকতার কারণে এখনো এই পরিস্থিতি বিরাজমান রয়েছে। নারায়ণগঞ্জে নিরাপত্তা জনিত কোন আশঙ্কা নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অন্যান্য জায়গায় শ্রমিক অসন্তোষ থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক রয়েছে। জেলায় ৫৭৫ জন পুলিশ সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। আমাদের জেলায় পুলিশ সদস্য কম থাকায় আমরা মুন্সিগঞ্জ নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে এসেছি শুধুমাত্র শ্রমিক অসন্তোষকে কমানোর জন্য।


































