নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।
সভাপতির বক্তব্যে কে এম মহিউদ্দিন নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসিকে আরও জনবান্ধব, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ত্রুটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি সততা ও স্বচ্ছতার সঙ্গে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসামি গ্রেপ্তার, সাক্ষী উপস্থিতি নিশ্চিতকরণ এবং ফৌজদারি মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
কনফারেন্সে চলমান বিচারিক কার্যক্রম, মামলার তদন্ত ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণ, বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কনফারেন্স পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভা শেষে বিচার বিভাগের বিভিন্ন নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন, এম সাইফুল ইসলাম, সেলিনা খাতুন, মো. তামজিদ আহমেদ, মাইমুনাহ আক্তার মনি, এইচ এম ইয়াসির আরাফাত ও নুসরাত মোস্তারী।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ জাকির, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কনফারেন্সে মামলার জট নিরসনে আদালত-সংশ্লিষ্ট সকলের ভূমিকা ও করণীয় বিষয়ে উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ। অপরদিকে সমন জারি, গ্রেপ্তারি, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিল সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম।

































