নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ জুলাই ২০২৬

বন্দরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ২০ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৬, ৩ জুলাই ২০২৬

বন্দরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ২০  লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে ১৫ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সিফাত ওরফে মো. জিয়াউল হাসান। তিনি বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ উইলসন রোড এলাকার বাসিন্দা এবং মো. রিপন মিয়া ওরফে আসলাম সরদারের ছেলে।

 

এ ঘটনায় প্রতারণার শিকার চাকরিপ্রার্থী মো. মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত সিফাতকে আদালতে পাঠিয়েছে।

 

মামলার বাদী মনির হোসেন জানান, প্রায় ছয় মাস আগে সিফাতের সঙ্গে তার ও আরও কয়েকজন চাকরিপ্রার্থীর পরিচয় হয়। সিফাত নিজেকে একটি বেসরকারি বহুজাতিক কোম্পানির (এসিআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দেন। পরে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তিনি ১৫ জনের কাছ থেকে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা নেন।

 

অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পর সিফাত চাকরিপ্রার্থীদের আলাদাভাবে নিজের বাড়িতে ডেকে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোগো ও সিল সংবলিত নিয়োগপত্র দেন। তবে নিয়োগপত্র নিয়ে প্রতিষ্ঠানে যোগ দিতে গেলে কর্তৃপক্ষ জানায়, সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং ওই নামে কোনো নিয়োগ দেওয়া হয়নি।

 

এরপর প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা সিফাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত সিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি একটি প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করাই ছিল তার কর্মকাণ্ড।

সম্পর্কিত বিষয়: