নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ কোম্পানির আত্মসাৎ হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই গঙ্গানগরের মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরে পাঠানোর জন্য ৭৫০ কার্টন সয়াবিন তেল ট্রাকে লোড করা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে চালক আল আমিন আত্মগোপনে চলে যান। এ ঘটনায় কোম্পানির পরিবহন ব্যবস্থাপক মো. হাছান আলীর দায়ের করা মামলার ভিত্তিতে সোনারগাঁও থানায় প্রতারণার মামলা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১০ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎকৃত ৭১৬ কার্টন সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।


































