নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের ফাহিমের মালয়েশিয়ায় ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ অর্জন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০২, ১৩ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের ফাহিমের মালয়েশিয়ায় ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ অর্জন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ববিষয়ক সম্মেলন গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের সন্তান জোবায়ের হক ফাহিম। নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপনা দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পাশাপাশি তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদও প্রদান করা হয়।

 

গত ১০ থেকে ১২ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন, নীতিনির্ধারণ ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০-এর বেশি তরুণ প্রতিনিধি অংশ নেন।

 

সম্মেলনে ফাহিম ‘প্রজেক্ট পিওরস্টেপ’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করেন। এতে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং এসডিজি-৩ (সুস্বাস্থ্য), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) ও এসডিজি-১৭ (অংশীদারত্ব) বাস্তবায়নে প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়। তার উপস্থাপনা, নেতৃত্বগুণ ও উদ্ভাবনী চিন্তা বিচারকদের প্রশংসা অর্জন করে।

 

জোবায়ের হক ফাহিম সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামের মোজাম্মেল হক ও তাসলিমা বেগমের ছেলে। তিনি বর্তমানে সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল হিসেবে কাজ করছেন।

 

সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়।

 

নিজের অর্জন প্রসঙ্গে ফাহিম বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি বাংলাদেশ এবং আমার প্রিয় জন্মভূমি সোনারগাঁয়ের মানুষেরও গর্ব। ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করে তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যেতে চাই।”

সম্পর্কিত বিষয়: