নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬

বন্দরে ড্রেজার চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩৯, ৩০ জুলাই ২০২৬

বন্দরে ড্রেজার চুরির মামলায়  যুবদল নেতা কাজল প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজার ব্যবসার প্রায় ২১ লাখ টাকার পাইপ ও যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কাজল প্রধান বন্দর থানা বিএনপির সাবেক সদস্য এবং বন্দর থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শিমন হাসানের বাবা মৃত হাজী মো. আতিকুর রহমান আতিক একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন। বাবার মৃত্যুর পর শিমন হাসান নিজেই ব্যবসার দায়িত্ব নেন। ব্যবসার কাজে ব্যবহৃত ড্রেজারের মালামালগুলো বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেইট বাগান সংলগ্ন কাইল্লাহ মিয়ার বাড়ির সামনে রাখা ছিল।

 

অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই সকাল ৬টা থেকে ২৭ জুলাইয়ের মধ্যে যেকোনো সময়ে মামলার প্রধান আসামি কাজল প্রধান এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করে।

 

১২ ইঞ্চি ড্রেজার পাইপ: ৮৫টি (যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা) বুস্টার মেশিনের পার্টস: বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ (যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) সর্বমোট ক্ষয়ক্ষতি: প্রায় ২১ লাখ টাকা।

 

অভিযোগকারী শিমন হাসান জানান, গত ২৭ জুলাই তিনি ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ না পেয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। পরে গোপন সূত্রে জানতে পারেন, চুরি হওয়া পাইপ ও অন্যান্য যন্ত্রাংশগুলো নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারির (স্ক্র্যাপ) দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

তথ্য সূত্রে আরো জানা যায় যুবদল নেতা কাজল চাঁদাবাজি, ছিনতাই, চুরি তার মূল পেশা ৫ আগষ্টের পর চাঁদাবাজি করে টাকার পাহাড় গড়ে তোলেছে এলাকাবাসী জানান।

 

লিখিত অভিযোগের প্রেক্ষিতে বন্দর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কাজল প্রধানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মামলার অপর আসামিরা এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: