নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত, এলাকায় আতঙ্ক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩০, ৩০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে  নারী-শিশুসহ ১৫ জন আহত, এলাকায় আতঙ্ক

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাইকে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

 

আহতদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন ও শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষদের ওপর হঠাৎ হামলা চালায়। একের পর এক মানুষকে কামড়ে দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আহত দেলোয়ার হোসেন বলেন, “আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।”

 

আরেক আহত লিটন বলেন, “শিয়ালগুলো খুবই হিংস্র ছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে পাঠান।”

 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি শিশুদের একা বাইরে না রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত বিষয়: