নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জুলাই ২০২৬

বাঁশের চিপায় থাকলে সমস্যায় পড়বেন, বাংলাদেশপন্থী হয়ে যান: আবদুল জব্বার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৬, ২৯ জুলাই ২০২৬

বাঁশের চিপায় থাকলে সমস্যায় পড়বেন, বাংলাদেশপন্থী হয়ে যান: আবদুল জব্বার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মানে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা। বুধবার (২৯ জুলাই) বিকেলে চিটাগং রোড এলাকার গ্রীণ গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের অনেক ঘটনার সাক্ষী এই এলাকা। তিনি আন্দোলনের সময় নিহত ও আহতদের বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন।

 

তিনি অভিযোগ করেন, আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন এখনো সম্পন্ন হয়নি। ভবিষ্যতে কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে আবদুল জব্বার বলেন, জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার থেকে সরকারকে সরে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “আপনি বাঁশের চিপায় থাকলে সমস্যায় পড়বেন, আপনি বাংলাদেশপন্থী হয়ে যান।” পাশাপাশি তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

 

সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মমিনুল হক বলেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং বৈষম্যবিরোধী আন্দোলন ছিল। তিনি দাবি করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো আপস করবে না।

সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের অনেক আহত যোদ্ধা এখনো প্রয়োজনীয় স্বীকৃতি ও সহযোগিতা পাননি। তাদের পুনর্বাসন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, শিবির সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, সোনারগাঁ উপজেলার সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আজগর আলী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাসুদুর রহমান গিয়াস, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মেহেদী হাসান ইমন, সজিব, শহীদ সাব্বিরের মা, আহত যোদ্ধা মোহাম্মদ মাসুম, শহীদ আলাউদ্দিনের বড় ভাই, শহীদ স্বজনের বড় ভাই মো. অনিক এবং শহীদ আদিলের পিতা আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ তাহামিদ হাসান। পরে দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ হামদ পরিবেশন করে।

 

সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, আহতদের প্রতি সম্মান প্রদর্শন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিকে সামনে রেখেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।