নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত শাহাবউদ্দিন মিয়ার ছেলে শাহাদাত হোসেন সুমন (২৫), নবীগঞ্জ নূরবাগ এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে সোহাগ ওরফে জাকির ওরফে গাজী (৪৭), ফুলহর এলাকার মনির হোসেনের ছেলে রাকিব হাসান (২২) এবং একই এলাকার আমান উল্লাহ আমানের ছেলে রানা (১৭)। পলাতক আসামি জসিম উদ্দিন জসু (৪৫) দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত আব্দুল হক বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন সুমন ও সোহাগ ওরফে জাকিরকে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ সময় তাদের সহযোগী জসিম উদ্দিন জসু পালিয়ে যায়।
একই রাতে বন্দর থানার অপর উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলহর কবরস্থান সংলগ্ন কাউছার ফার্মেসির সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাকিব হাসান ও রানাকে আটক করেন।
এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫৫(৭)২৬ ও ৫৬(৭)২৬। বুধবার (২৯ জুলাই) দুপুরে গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "বন্দরে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার রাতের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত বন্দর গড়ে তুলতে স্থানীয় সচেতন মহল ও সুধীজনের সহযোগিতা কামনা করছি।"


































