নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কাঁচপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৭, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কাঁচপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতারা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন, রাষ্ট্র পরিচালনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

জেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আরিফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল, তা এখনো পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধান এবং বৈষম্য দূর করতে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নষ্ট হয়েছে এবং এর ফলে আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়ন ব্যাহত হয়েছে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রশিদ বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের দলের অভিমত। তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে—এমন প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি বলে তারা মনে করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি গণমিছিল বের করেন। এতে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পর্কিত বিষয়: