নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ আগস্ট ২০২৬

বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ৮ আগস্ট ২০২৬

বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ির  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। সে পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

 

শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকেশ্বরী মন্দিরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মুস্তাফিজ বলেন, নিহত শেখ রফিক ক্রাউন সিমেন্টের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়ি ঝালাইয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

 

তিনি আরও বলেন, নিহত শেখ রফিকের বাড়ি কক্সবাজার জেলার রামু থানার এলাকায়। তার বাবার নাম মৃত শেখ জয়নুদ্দিন আহমেদ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ বন্দরের ক্রাউন সিমেন্ট ১ নং ঢাকেশ্বরী এলাকায় থাকতেন। 

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।