নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা নিয়ে আলোচনা এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালা দরগাহ এলাকায় ইসলামিক মিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক মিশনের কর্মকর্তা ডা. এইচ এম রাসেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবাইদুল কাদের নদভী। এ সময় ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মহসিন, মো. কামরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবাইদুল কাদের নদভী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে আলেমদের ওপর যে জুলুম-নির্যাতন হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। হামলা, মামলা ও নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। এমনকি আমাদের পাসপোর্টও জব্দ করা হয়েছিল।’
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসার আলেম-শিক্ষার্থী ও সাধারণ জনগণের সম্মিলিত আন্দোলনের মুখে ২৪ জুলাই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার তৈরি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ডা. এইচ এম রাসেদুল ইসলাম বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোরবানির ওপর। জুলাই গণঅভ্যুত্থানও কোরবানির ফসল। যেখানে জুলুম শুরু হয়, সেখানেই আল্লাহ তায়ালা পরিবর্তন নিয়ে আসেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


































