নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় সোনারগাঁ রানার্সের উদ্যোগে আয়োজিত সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬-এ এ ঘটনা ঘটে।
মারা যাওয়া টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন।
জানা গেছে, পানাম নগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় শুরুর পর প্রায় অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছানো মাত্র টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হন। এসময় আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভুইঁয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতান তাদেরই একজন ছিলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।


































