নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনা কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক প্রভাব দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও জানান, রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোনাখালী, পিরোজপুর ও প্রতাবেরচর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক্সকাভেটর দিয়ে চুনা কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


































