নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্রি অকটেনের দাবিতে মেঘনা ডিপো কর্মকর্তাকে হুমকি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্রি অকটেনের দাবিতে মেঘনা ডিপো কর্মকর্তাকে হুমকি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল অকটেন দাবির অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের কাছে এক সংসদ সদস্যের পিএস-এর গাড়ির কথা বলে প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করে আসছিলেন আসামি রাশেদ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে যার বাজারমূল্য প্রায় ৭২ হাজার ৫০০ টাকা।

তবে, এ কর্মকর্তা বিনামূল্যে তেল দিতে অস্বীকৃতি জানালে তাকে চাকরিচ্যুত করার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হয় তাকে। 

সর্বশেষ, গত ২ সেপ্টেম্বর দুপুরে গোদনাইল ডিপোর অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে রাশেদ পুনরায় বিনামূল্যে অকটেন সরবরাহের জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হন এবং হুমকি-ধামকি দেন। 

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসও রোডের মন্ডলপাড়া এলাকা থেকে আসামি রাশেদ আহম্মেদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড আবেদনসহ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা রিমান্ডের পর জানা যাবে।