নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা মডেল থানার ভূইগড় কবরস্থান সড়কের দেলোয়ারের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফারজানার শয়নকক্ষের বিছানার ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর কটূক্তি ও মন্তব্যের কথাও উল্লেখ রয়েছে।
নিহত ফারজানা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মুসুল্লি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে।
ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে পারিবারিক সম্মতিতে নাজমুল ইসলামের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর নাজমুল বেকার থাকায় তাঁদের পরিবারই সংসারের ব্যয় বহন করত। প্রায় দেড় বছর আগে নাজমুল চাকরি পান এবং মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি।
আরিফুল ইসলাম আরও জানান, প্রায় দুই মাস আগে নাজমুল এসিআই কোম্পানিতে চাকরি নিয়ে বর্তমান ঠিকানায় চলে আসেন। শনিবার রাত ১১টার দিকে বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ সময় শয়নকক্ষের বিছানার ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আটক নাজমুল ইসলাম কুমিল্লা জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের অপেক্ষা করছে সংশ্লিষ্টরা।


































