নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা থানাধীন উত্তর ইসদাইর রেললাইন সংলগ্ন পুল পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রকি ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, এএসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় উত্তর ইসদাইর এলাকার রেললাইন সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রকির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মাদক মামলা ও ২টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


































