নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ২ কোটি ৯৫ লাখ টাকার সুতা জব্দ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৩৭, ১০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ২ কোটি ৯৫ লাখ টাকার সুতা জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্যাক্স ইনভয়েস না থাকায় চারটি অনিবন্ধিত গুদাম থেকে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৭২ হাজার ৯৪৪ কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পুরিন্দা বাজারে হাজী মোবারক মোল্লার মালিকানাধীন অনিক ট্রেডার্সের চারটি অনিবন্ধিত গুদামে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনারেটের একটি প্রতিরোধমূলক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গুদামগুলো থেকে প্রয়োজনীয় কর চালান বা ট্যাক্স ইনভয়েসবিহীন চীন ও ভারত থেকে আমদানি করা ধাতব, পলিয়েস্টার ও নাইলন সুতা উদ্ধার করা হয়।

অভিযানে জব্দ করা সুতার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৫ লাখ টাকা। গুদামগুলো অনিবন্ধিত হওয়া এবং সুতার বিপরীতে প্রয়োজনীয় কর চালান না থাকায় এসব পণ্য জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জব্দ করা সুতার বিপরীতে প্রযোজ্য সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে কমিশনারেটের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: