নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভুল চিকিৎসায় প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৮, ২৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভুল চিকিৎসায় প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ‘মেডি স্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণে অন্তঃসত্ত্বা নারী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুমা আক্তার (৩৫) ফতুল্লা থানার রেলস্টেশন এলাকার দাপা আদর্শ স্কুলসংলগ্ন সাথীর বাড়ির ভাড়াটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রসবব্যথা উঠলে সুমা আক্তারকে তাঁর ননদ পঞ্চবটীর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়। এ সময় গর্ভের সন্তান মারা যায় বলে স্বজনদের দাবি। পরে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকেরা তা বন্ধ করতে ব্যর্থ হন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে সুমা আক্তারের মৃত্যু হয়।

খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যায় ফতুল্লা মডেল থানার পুলিশ। সেখানে গিয়ে হাসপাতালের একজন ওয়ার্ড বয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তবে সেখানে চিকিৎসক, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত অন্য কাউকে পাওয়া যায়নি। তাঁর পৌঁছানোর আগেই তাঁরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মিলন ফকির আরও জানান, প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক ও স্বজনদের সম্মতিতে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করা হয়। কিন্তু গর্ভের সন্তান মারা যাওয়ার পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন।

এদিকে নিহতের স্বামী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য ইতোমধ্যে লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য এবং চিকিৎসাসংক্রান্ত নথি যাচাই করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সম্পর্কিত বিষয়: