নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সহস্রাধিক এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল দশটায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ের ব্যস্ততম এ অংশ দিয়ে প্রতিদিন দ্রুতগতির যানবাহন চলাচল করে। অথচ স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপারের জন্য নিরাপদ কোনো ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের সড়ক পার হতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলেন এলাকাবাসীর কবরস্থান এবং কৃষিজমি সব সড়কের অপর প্রান্তে, প্রতিদিন এই সড়ক পার হয়ে কৃষি জমিতে চাষাবাদ করতে যেতে হয়। মানুষ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যেতে হলেও এই রাস্তা পার হয়ে যেতে হয়। এই সড়ক পার হতে গিয়ে প্রতিদিন আমাদের আতঙ্কে থাকতে হয়। গাড়ির গতি এত বেশি যে কখন কোন দুর্ঘটনা ঘটে, তা বলা যায় না। আমরা চাই, দ্রুত এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হোক।'
গোলাকান্দাইল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক
অলিউল হাসান অপু বলেন, ' হাইওয়ে সড়ক পারাপার হয়ে আমাদের সন্তানদের স্কুলে যাওয়া-আসার সময় সবচেয়ে বেশি ভয় কাজ করে। নিরাপদে রাস্তা পার হওয়ার ব্যবস্থা না থাকায় অভিভাবকেরাও দুশ্চিন্তায় থাকেন। দুর্ঘটনায় প্রাণহানির আগেই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।'
স্থানীয় ব্যবসায়ী আলামিন বলেন, 'এলাকাটি দিন দিন জনবহুল হয়ে উঠছে। যানবাহনের চাপও বাড়ছে। কিন্তু মানুষের নিরাপদ চলাচলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে আন্ডারপাসের প্রয়োজনীয়তা অনুভব করছি।'
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্প গ্রহণ করে গোলাকান্দাইল নীলভিটা এলাকায় আন্ডারপাস নির্মাণ করতে হবে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধনে উপস্থিত থাকেন আমির হামজা সাজোয়ার সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল (সাবেক), নাহিদ বিন আজিজ শরীফ যুগ্ম আহ্বায়ক রুপগঞ্জ থানা ছাত্রদল, শহীদুল্লাহ সহ-সভাপতি যুবদল রূপগঞ্জ, অলিউল্লা হাসান অপু সাংগঠনিক সম্পাদক গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল, মামুন হাসান অভি যুবদল গোলাকান্দাইল ইউনিয়ন প্রমুখ।


































