নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৮, ৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

 

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি 'ক' জোনের একটি দল অভিযানে অংশ নেয়।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের অপরাধের তথ্য যাচাইয়ের বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন বলে পুলিশের দাবি।

 

পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জের বন্দরে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র কেনাবেচার সঙ্গে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।