শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়, এর বিস্তার রোধে আগাম ব্যবস্থা নিতে হবে’ বলেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আসিফ আল জিনাত।।
শনিবার (৭ নভেম্বর) সোনারগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এ কথা বলেন।
‘পরিষ্কার রাখি নিজ আঙিনা, ডেঙ্গুমুক্ত হোক সোনারগাঁ’ স্লোগানে পৌর প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা স্থান পরিষ্কারে নিজেই অংশ নেন ইউএনও। পাশাপাশি পৌরসভার বিভিন্ন সড়কে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
ইউএনও মো. আসিফ আল জিনাত বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাড়িঘর, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ময়লা-আবর্জনাও নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে রাস্তায় ফেললে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
পৌর প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও পৌর প্রশাসকের নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং গ্রীন ফোর্স ক্লাবের স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সেন্টু, মো. জাহাঙ্গীর, সাহাদাত হোসেন লিটু, কায়সার আহমেদ এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন প্রমুখ।


































