নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে ভেকু ও বহিরাগত লোকজন নিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুলতানা বেগম ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ভুক্তভোগীর মায়ের পৈতৃক সম্পত্তি ও তাদের ক্রয়কৃত মোট ১২ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ৪০ বছর ধরে ওই সম্পত্তি তাদের ভোগদখলে রয়েছে বলে দাবি পরিবারের। জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অভিযুক্তরা ভেকু ও বহিরাগত লোকজন নিয়ে কয়েক শতাধিক মানুষের একটি দলসহ বাড়ির পাশে অবস্থান নেন। এ সময় তারা বাড়ি দখলের চেষ্টা করেন এবং পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলো-সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড শিমরাইল এলাকার পেয়ার আলী, মোহাম্মদ আলী ও মেহের আলী এবং ১ নম্বর ওয়ার্ড মুক্তিনগর এলাকার বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিম।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময় পুনরায় ফিরে আসার হুমকি দিয়ে যান বলে অভিযোগ করেছেন তারা। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।


































