নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৩ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২০, ২৩ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে  ডিসিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং নিহতের পরিবারের জন্য রাষ্ট্রীয় সহযোগিতার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

 

রোববার (২৩ আগস্ট) এ স্মারকলিপি পেশ করা হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত ঘটনা এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে আদালতে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করা এবং কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, স্বৈরশাসকের পতনের পর গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকারের আমলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একজন তরুণ রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মীসহ নারায়ণগঞ্জবাসী গভীরভাবে মর্মাহত।

 

তিনি বলেন, একজন মানুষের জীবন কেড়ে নেওয়া শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের ওপরও আঘাত। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

 

স্মারকলিপিতে বুলবুলের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোরও দাবি জানানো হয়। বিশেষ করে তাঁর কন্যাশিশু ও পুত্রসন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনযাপনের জন্য বিশেষ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুই সন্তানকে সরকারি কল্যাণমূলক কর্মসূচির আওতায় আনা এবং নিহতের পরিবারের নিরাপত্তা ও সার্বিক কল্যাণে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়।

 

মাওলানা দ্বীন ইসলাম বলেন, “বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি থেকে আমরা সরে যাব না। আমরা প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই।”

 

তিনি আরও বলেন, একজন পিতাকে হারানোর শূন্যতা কোনো সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে তাঁর সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের মানবিক ও নৈতিক দায়িত্ব।

 

স্মারকলিপিতে মোট নয়টি দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্ত শেষ ও বিচার নিশ্চিত করা হলে নারায়ণগঞ্জবাসীর মধ্যে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।