নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) ১ নাম্বার ওয়ার্ডের লেক এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এলাকার মানুষের দায়িত্ব হলো রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখা।
তিনি আরও বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেগুলো বড় হয়ে ভবিষ্যতে ফল প্রদান করলে এলাকার মানুষও এর সুফল ভোগ করতে পারবেন। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে উপস্থিত সবাইকে রোপণ করা গাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































