বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের শারীরিক সক্ষমতা কমে আসে। কিন্তু সরকারি দপ্তরে সেবা নিতে তাঁদেরও দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, ব্যস্ত সড়ক ঝুঁকি নিয়ে পার হতে হয়। শেষ বয়সে পরিবারের অবহেলার শিকারও হন অনেকে। তাই প্রবীণদের জন্য পরিবারে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সেবায় অগ্রাধিকার, আলাদা স্বাস্থ্যসেবা ও চলাচলে সহায়ক অবকাঠামো গড়ে তোলার দাবি উঠেছে নারায়ণগঞ্জে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের বোঝা নন; তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের সম্পদ। তাই বৃদ্ধাশ্রমে ঠেলে না দিয়ে পরিবারে তাঁদের দায়িত্ব নেওয়ার পাশাপাশি রাষ্ট্রকেও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার বলেন, বৃদ্ধাশ্রম নয়, পরিবারই যেন একজন প্রবীণ ব্যক্তির আশ্রয়স্থল হয়, সেই পরিবেশ গড়ে তুলতে হবে। প্রবীণেরা পরিবার ও সমাজের বোঝা নন। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। রাষ্ট্রকাঠামোয় তাঁদের সম্পৃক্ত করে নবীন ও প্রবীণের সমন্বয়ে এগিয়ে যেতে হবে।
প্রবীণদের সরকারি হাসপাতাল ও গণপরিবহনে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তিনি। তাঁর মতে, জ্যেষ্ঠ নাগরিক হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে প্রবীণদের বিশেষ সুবিধা থাকা প্রয়োজন।
ড্যাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রবীণদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বাত, চোখে কম দেখা ও কানে কম শোনার মতো সমস্যা বেশি দেখা যায়। তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। জেলা সদরের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণদের জন্য আলাদা কর্নার ও আলাদা সেবার লাইন করা দরকার। এতে ৭০ বছর বয়সী একজন প্রবীণকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
প্রবীণদের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, প্রবীনেরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাঁদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন না করে পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। বয়সের কারণে তাঁদের যে শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়, তা বিবেচনায় নিয়ে সরকারি সেবা ও গণপরিবহনে তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
সরকারি দপ্তরে সেবা নিতে আসা প্রবীণদের জন্য ফাস্ট-ট্র্যাক সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, প্রবীণদের চলাচলের সুবিধায় প্রবীণবান্ধব ফুটপাত, ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়িসহ অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে হবে। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম বলেন, শুধু বাবা-মা নন, শ্বশুর-শাশুড়িকেও সম্মান করতে হবে। বৃদ্ধ বয়সে কোনো বাবা-মাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে জন্য পরিবারের প্রত্যেক সদস্যকে প্রবীণদের বিষয়ে যত্নশীল ও দায়িত্ববান হতে হবে।
সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের নবীনই আগামী দিনের প্রবীণ। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান ও শ্রদ্ধার সঙ্গে সমাজের মূলধারায় রাখতে হবে। সরকারি হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান এবং বাস, ট্রেন ও বিমানে তাঁদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রবীণদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, প্রবীণদের জন্য বয়স্ক ভাতা ও জটিল রোগের চিকিৎসা ভাতাসহ সরকারিভাবে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এ ছাড়া পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। প্রবীণদের সঙ্গে নিয়েই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে যেতে হবে।
সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি ইব্রাহিম খলিল, গ্রীণ অর্থের সভাপতি খালেদ মোশারফ, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ্ আলম। এ ছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরিয়ান মোশারফ হোসেন, ক্রীড়া সংগঠক মাহমুদুল হক শাহীনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


































