নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেলাই মেশিন-হুইলচেয়ার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৫, ১১ অক্টোবর ২০২৬

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির  সেলাই মেশিন-হুইলচেয়ার বিতরণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি। ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণের পাশাপাশি এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ব্যক্তিগত আর্থিক অনুদানে তিনটি পৃথক প্রকল্পের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ। তিনটি প্রকল্পের প্রজেক্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান ইব্রাহিম হোসেন, রোটারিয়ান এ কে এম আবিদুজ্জামান এবং রোটারিয়ান এমরান আলী সজীব। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান আনন্দ ইউসুফ, কামাল হোসেন, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণের মাধ্যমে একজন উপকারভোগীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তির জন্য হুইলচেয়ার প্রদান এবং মেয়ের বিয়ের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক সহমর্মিতা জোরদারের প্রচেষ্টা চালিয়েছে ক্লাবটি।

ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানে পরিচালিত এ কর্মসূচি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে সম্মিলিত উদ্যোগের একটি দৃষ্টান্ত। অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে আরও এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।