ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
মো. ফজলুল হক এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালনা পর্ষদ বাতিল করা হলে প্রশাসকের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে গত দুই প্রশাসকের মেয়াদেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক বলেন, "সরকার আমাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।"
তিনি এ লক্ষ্যে এফবিসিসিআইয়ের সদস্য এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ী মহলের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন সম্পন্ন হবে।
প্রসঙ্গত: ফজলুল হক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।


































