নারায়ণগঞ্জের বন্দরে রেখা আক্তার (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ হওয়ার তিন মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র মেয়ের খোঁজে অসহায় বাবা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু আজও কোনো সুখবর না মেলায় পরিবারে নেমে এসেছে গভীর হতাশা ও উদ্বেগ।
জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ পাড়া এলাকায় নিজ বাসা থেকে পরিবারের সদস্যদের অজান্তে বের হয়ে যায় রেখা আক্তার। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা আবদুল কাদির বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডি নম্বর-৮১০, তারিখ ১৩ মার্চ ২০২৬।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, রেখা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার দিন পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের তিন মাস অতিবাহিত হলেও প্রতিবন্ধী এই কিশোরীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
নিখোঁজের পর থেকে মেয়ের সন্ধানে বন্দর থানা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়মিত যোগাযোগ করে আসছেন বাবা আবদুল কাদির। একমাত্র মেয়ের বর্তমান অবস্থা নিয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটছে পুরো পরিবারের।
আবদুল কাদির প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের কাছে তার মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে কেউ রেখা আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানা বা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।


































