নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বন্দর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ পরিবারের সদস্যরা মাছুম রানার বলে শনাক্ত করেন। তিনি উপজেলার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার মাছুম রানা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে এরপরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি কৌশলে তার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


































