নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে ২ ভাইকে গণপিটুনি, পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে ২ ভাইকে গণপিটুনি, পিস্তল-গুলি উদ্ধার

আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় ডোবায় ফেলে দেয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।  আটকরা হলেন: কিশোরগঞ্জ জেলার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও (১৫)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাজবী তাঁতিবাড়ী এলাকায় গাউছিয়া-আড়াইহাজার সড়কে এক রিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ৮০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্য। 

এ সময় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হয়। গণপিটুনির সময় ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা গুলিভর্তি একটি পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তাদের দেয়া তথ্যমতে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডোবায় তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলার এই অতিরিক্ত পুলিশ সুপার।

সম্পর্কিত বিষয়: