নারায়ণগঞ্জের বন্দরে ক্রয়কৃত জমিতে মালিকানা সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক যুবক ও তার স্বজনরা। শনিবার (গত ২৭ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী যুবকের মা আশুরা বেগম (৫০) বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বুরুন্দী মৌজায় আর এস ৩২৯ দাগে ৪ শতাংশ জমি ক্রয় করেন মো. সিফাত (৩৫)। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিফাত তার ভাতিজা সোহাগকে (২২) নিয়ে ওই জমিতে মালিকানা সাইনবোর্ড বসাতে যান।
এ সময় স্থানীয় পিয়ার জাহান (৬৫), আনোয়ারা বেগম (৬০), আলমগীর (৪০), জাহাঙ্গীর (৪৫) সহ কয়েকজন তাদের বাধা প্রদান করেন। বিবাদীরা একটি ভুয়া দলিল প্রদর্শন করে জমির মালিকানা দাবি করেন এবং সিফাতের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
সিফাত ও তার পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কাঠের ফালি ও লোহার এসএস পাইপ দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সিফাত ও সোহাগ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। বিবাদীরা হুমকি দেয় যে, পুনরায় জমিতে গেলে সিফাতকে মেরে লাশ ওই জমিতেই পুঁতে রাখা হবে।
আহত সোহাগকে বর্তমানে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগী আশুরা বেগম জানান, বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী এবং আইন অমান্যকারী প্রকৃতির লোক। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চাঁদাবাজি ও হামলার বিচার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


































