নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বন্দরের মদনপুর কেওঢালা এলাকায় খান ব্রিকস ম্যানুফেকচারার ৭০ হাজার টাকা এবং একই এলাকার বাগদোবাড়িয়ায় মেসার্স আল্লাহ মহান ব্রিকস ৮০ হাজার টাকা।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































