নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ আগস্ট ২০২৬

বন্দরে দিনদুপুরে ছিনতাই: জনতার হাতে অস্ত্রসহ আটক ১, পালালো ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৪, ২ আগস্ট ২০২৬

বন্দরে দিনদুপুরে ছিনতাই: জনতার হাতে অস্ত্রসহ আটক ১, পালালো ১

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতার হাতে এক ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তবে আরেক অভিযুক্ত জনতার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

রোববার (২ আগস্ট) বেলা প্রায় ১১টার দিকে বন্দর থানাধীন রূপালী আবাসিক এলাকার মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটককৃত ইয়াছিন বন্দর লেজার্স এলাকার হায়দার মিয়ার ছেলে। পলাতক ইমন বন্দর আমিন আবাসিক এলাকার সাফায়েত মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী পুরাতন ও ভাঙা মোবাইল ব্যবসায়ী বাবুল মিয়া বাদী হয়ে একই দিন বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে বাবুল মিয়া জানান, তিনি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় ফেরি করে পুরাতন ও ভাঙা মোবাইল ফোন কেনাবেচা করেন। প্রতিদিনের মতো রোববার বেলা ১১টার দিকে রূপালী আবাসিক এলাকায় মোবাইল কিনতে গেলে ইয়াছিন, ইমনসহ ৪-৫ জন তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৭০০ টাকা এবং প্রায় ১ হাজার টাকা মূল্যের একটি পুরাতন স্মার্টফোন ছিনিয়ে নেয়।

 

তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াছিন ও ইমনকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক করে। তবে পরে পুলিশ আসার আগেই ইমন জনতার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বাকি অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রূপালী আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, এসব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।