নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে শ্রমিকদের অসুস্থতার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের হিট স্ট্রোক হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের পর থেকে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায় বলে শ্রমিকদের দাবি। অসুস্থদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হঠাৎ একসঙ্গে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই দ্বিতীয় ও তৃতীয় তলার শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়ছিলেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে এমন হচ্ছে, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এদিকে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকদের মধ্যে কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের এখানে প্রায় ২০ জনের মতো অসুস্থ রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শ্রমিকদের অসুস্থতার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


































