নারায়ণগঞ্জের ফতুল্লায় টিকাদান কেন্দ্রে লাইনে দাঁড়াতে বলায় রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক নারী সহকর্মীকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ফতুল্লার আল-জামিয়াতুল ইসলামিয়া হাদিকাতুল কোরআন মাদ্রাসা টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b), ইউনিসেফ (UNICEF), আইএফআরসি (IFRC), গ্যাভি (Gavi), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) ও স্থানীয় স্বাস্থ্য অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন (pOCV) কর্মসূচির আওতায় ওই কেন্দ্রে টিকাদান চলছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিকা নিতে আসা মো. আসাদুজ্জামান মিঠু লাইনে না দাঁড়িয়ে আগে টিকা নেওয়ার দাবি জানান। দায়িত্বে থাকা রেড ক্রিসেন্টের তরুণ স্বেচ্ছাসেবক তাঁকে নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই স্বেচ্ছাসেবককে মারধর শুরু করেন বলে অভিযোগ।
পরবর্তীতে মিঠুসহ আরও কয়েকজন মিলে প্রায় নয়জন ওই স্বেচ্ছাসেবককে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁর নারী সহকর্মী বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
আহত স্বেচ্ছাসেবক সদ্য এইচএসসি পাস করে মানবিক সেবায় যুক্ত হতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গেছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচিতে নিয়োজিত অন্যান্য স্বেচ্ছাসেবকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, মো. আসাদুজ্জামান মিঠু ফতুল্লা ইউনিয়ন বিএনপির সেক্রেটারির ছোট ভাই। একই সঙ্গে তিনি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, হামলার পর অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
স্বেচ্ছাসেবকদের দাবি, টিকাদানসহ মানবিক সেবামূলক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মাঠপর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


































